দীর্ঘ ৮ বছর পর দেশে আবার শুরু হতে যাচ্ছে হামের টিকাদান কর্মসূচি। রবিবার স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এই ঘোষণা দেন। গত আট বছর ধরে এই টিকা কার্যক্রম বন্ধ থাকায় শিশুদের মধ্যে সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যা নিয়ে মন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতিমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং দ্রুততম সময়ে টিকা সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালসহ বড় হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ায় বাড়তি আইসিইউ ও ভেন্টিলেটর যুক্ত শয্যা প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সংকটে শিশু মৃত্যুর ঘটনার পর সেখানে নতুন ভেন্টিলেটর পাঠানো হচ্ছে।
বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে শুরু করে ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে হামের প্রকোপ বেশি দেখা যাচ্ছে। ৯ মাস ও ১৫ মাস বয়সী শিশুদের নিয়মিত ডোজের পাশাপাশি বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ১০ বছর পর্যন্ত শিশুদের এই টিকার আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। দেশীয় ওষুধ শিল্প থেকেও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের কাজ চলছে যাতে দ্রুত এই সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

